খাগাতুয়ায় হামলায় আহত ইকবালের মৃত্যু, এলাকায় উত্তেজনা

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে হামলায় গুরুতর আহত মো. ইকবাল হোসেন (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
ইকবাল হোসেন খাগাতুয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২.৩০ এ গ্রামের ভোরের বাজার এলাকায় তাঁকে মারধর করা হয়। এতে সে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুরে নিয়ে চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লার দেবিদ্বারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে ইকবালের হোসেনের ওপর হামলা করা হয়।  একই গ্রামের আলম, হালিম ও সাদ্দামের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তাঁরা ইকবালের ওপর হামলা ও মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। হামলায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইকবালের মৃত্যুর পর খাগাতুয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।