পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে হিন্দু মুসলমান এক কাতারে- এটা একটা দৃষ্টান্ত - এমপি এবাদুল করিম বুলবুল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করেছে৷ 

শানিবার সকাল ১০ টার দিকে নবীনগর ডাক বাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এতে উপজেলা  আওয়ামী লীগের নেতা-কর্মী, আলেম ওলামাগণ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংগ্রহণ করে৷ মানববন্ধনে নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল৷ 

 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মেয়র এড. শিব শংকর দাশ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন নসু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা মেহেদী হাসান, মাওলানা বেলায়েত উল্লাহ সহ আরো অনেকে৷

 শান্তিপূর্ণ এ মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ কোন কুচক্রী মহল আমাদের বন্ধন নষ্ট করতে পারবে না৷ 

আলেম ওলামাদের পক্ষে মাওলানা মেহেদী হাসান বলেন, পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ এর  সাথে জড়িত  যে-ই হোক তাকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শান্তি দিতে৷ 

মানবন্ধনে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তোলে ধরে  সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল তার বক্তব্যে বলেন,  ধর্মীয় বিশ্বাসের উপর যারা আঘাত আনবে, তাদের ক্ষমা করার সুযোগ নেই৷ কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷  নবীনগরে হিন্দু মুসলমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে৷ এটি একটি দৃষ্টান্ত৷  নবীনগরে এসে দেখে যান সাম্প্রদায়িক সম্প্রীতি  কাকে বলে৷