নবীনগরে প্রথমবার বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
- October 3,2026
- 63 views
মলয়া ডেস্ক:
নবীনগরে প্রথমবার বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সম্মেলন
কাউসার বেগম সভাপতি, আমেনা খাতুন সাধারণ সম্পাদক
নবীনগরে এই প্রথমবারের মতো বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনাড়ম্বর অথচ উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত নারী নেতৃবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগমকে সভাপতি এবং একই বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমেনা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা মহিলা পরিষদের কমিটি গঠন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা।
বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক উন্নয়নে সংগঠিতভাবে কাজ করার মাধ্যমে নবীনগরের নারীদের আরও এগিয়ে নিতে হবে। নারীকে শুধু অধিকার নিয়ে কথা বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নবীনগরের নারী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবীনগরে বাংলাদেশ মহিলা পরিষদের এই প্রথম উপজেলা সম্মেলনকে ঘিরে নারী সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
