নবীনগরে গ্রামীন ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
- October 13,2026
- 62 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল মিয়ার (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার শ্যামগ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যাংক কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া নামের ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে কিস্তির টাকা সংগ্রহের সময় সোহেল তার ওপর হামলা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে তার কাছ থেকে সংগ্রহ করা দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, কিস্তির টাকা সংগ্রহের সময় তার প্রতিষ্ঠানের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
